খাদ্যে ভেজালের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং নিরাপদ খাদ্য গ্রহণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে খাদ্যে ভেজাল ও নিরাপদ খাদ্যবিষয়ক পোস্টার পেপার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ময়মনসিংহ আইডিয়াল কলেজ প্রাঙ্গণে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে খাদ্যে ভেজালের বিভিন্ন ধরন, মানবদেহে এর ক্ষতিকর প্রভাব, নিরাপদ খাদ্য নির্বাচনের উপায় এবং স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলার বিভিন্ন দিক পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে কলেজের উচ্চমাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পোস্টার প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের খাদ্যে ভেজাল শনাক্তকরণ, নিরাপদ খাদ্য গ্রহণ এবং খাদ্য সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি নাফিউল হাসান মুবিন বলেন, "নিরাপদ খাদ্য মানুষের মৌলিক অধিকার। কিন্তু বর্তমানে খাদ্যে ভেজাল একটি উদ্বেগজনক সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর ফলে মানুষ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হচ্ছে। খাদ্যে ভেজাল প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ প্রজন্মকে খাদ্য সম্পর্কে সচেতন হতে হবে এবং পরিবার ও সমাজে নিরাপদ খাদ্য গ্রহণের বার্তা ছড়িয়ে দিতে হবে। বসুন্ধরা শুভসংঘ সব সময় সামাজিক সচেতনতা সৃষ্টি ও জনকল্যাণমূলক কার্যক্রমে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি সচেতন ও সুস্থ সমাজ গঠনে আমরা কাজ করতে চাই।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার উপদেষ্টা রাকিবুল হাসান রাকিব। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক নাঈম ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক জিহাদ ইসলাম, প্রচার সম্পাদক আনিতুর রহমান সাদি, নারী সম্পাদক মোহনা জাহান এবং কার্যকরী সদস্য সুমাইয়া ও মিম।
এ ধরনের সচেতনতামূলক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বসুন্ধরা শুভসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
বিডি প্রতিদিন/ আনাই


























