চিতলমারীর কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের শোডাউন, বাজারে বাজারে পথসভা
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মোটরসাইকেল শোডাউন করেছেন এ. এস. এম. সাদাকাত হোসেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টায় তাঁর নেতৃত্বে মোটরসাইকেল শোডাউনটি অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ এবং কয়েকটি বাজারে পথসভা করেন তিনি। পথসভায় স্থানীয় মানুষের দোয়া ও আশীর্বাদ কামনা করেন সম্ভাব্য এ প্রার্থী।
সাদাকাত হোসেন স. ম. ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এবং কলাতলা ইউনিয়ন বিএনপির সদস্য। শোডাউনে তাঁর সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
পথসভায় বক্তব্য রাখেন কলাতলা ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ দেলোয়ার হোসেন দিলু, ইউনিয়ন যুবদল নেতা নুর ইসলাম সজিব, আল আমিন খান, মাওলানা নজরুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা শেখ মুনির আহম্মেদ।
এ ছাড়া স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সাদাকাত হোসেন ইউনিয়নের সর্বস্তরের মানুষের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।