খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
দিনাজপুরের খানসামায় নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ ৫ই আগস্ট বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সঠিক ইতিহাস চর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাসেত সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, আলোকঝাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ওবায়দুর রহমান এবং জুলাই আন্দোলনের উপজেলা মুখপাত্র আবির রাজু। এ ছাড়া স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।