কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা, ইয়াবাসহ যুবকের কারাদণ্ড
কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটা ও মাদকদ্রব্য রাখার অপরাধে জরিমানা এবং কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২১ জুন) কালীগঞ্জ উপজেলার গাড়ারিয়া, নাগরী ও তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদাত্তী এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় হুমায়ুন শেখ (২৮) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি পিতা বিল্লাল শেখের ছেলে এবং নাগরী ইউনিয়নের রাথুরা এলাকার বাসিন্দা। অনুমতি ছাড়া মাটি কেটে বিক্রয় করার অপরাধে তাকে এ দণ্ড দেওয়া হয়।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আবির দেওয়ান নামে এক যুবককে তিন পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আবির দেওয়ান তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদাত্তী এলাকার বাসিন্দা এবং আক্তার দেওয়ানের ছেলে।
অভিযানে মোট দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে এক মামলায় এক লাখ টাকা অর্থদণ্ড এবং অপর মামলায় এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. ইব্রাহীম মিয়া এবং কালীগঞ্জ থানার এসআই মাসুদ রানা। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ মাটি কাটা ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।