যুক্তরাষ্ট্রের পাসপোর্ট-ভিসা বানিয়ে ধরা, কারাগারে দম্পতি
অনলাইন চক্রের মাধ্যমে আমেরিকার পাসপোর্ট এবং ভিসা বানিয়ে বিমানবন্দরে এসে ইমিগ্রশেন তল্লাশীর জালে আটকা পড়েন হিজাল-রাইনা নামে এক দম্পতি। প্রায় ৮ হাজার আমেরিকান ডলার খরচ করে অনলাইনে এ পাসপোর্ট-ভিসা সংগ্রহ করেন তারা।
পাসপোর্টের তথ্য ও জিজ্ঞাসাবাদে পুলিশ জানায়, নরসিংদী সদর থানার কাউরিয়া গ্রামের নজরুল ইসলাম এর ছেলে হিজাল খন্দকার (২৩) এবং নারায়নগঞ্জ জেলার নবাবগঞ্জের রিয়াজ উদ্দিন এর মেয়ে মোছা. রাইনা আহমেদ।
গতকাল সোমবার আদালতের মাধ্যমে হিজাল ও রাইনা আহমেদকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মামলার বাদী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।
এর আগে গত রোববার আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে তারা বিমানবন্দরে আসেন। এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের বোর্ডিং কার্ড সংগ্রহ করে ইমিগ্রেশন কাউন্টারে প্রবেশ করেন তারা। এ সময় তল্লাশীকালে তাদের পাসপোর্ট-ভিসা জাল ধরা পড়ে। খবর পেয়ে ঢাকায় অবস্থিত আমেরিকার রাষ্ট্রদূত অফিসের কয়েকজন কর্মচারী বিমানবন্দরে পরীক্ষা করে জানতে পারেন হিজাল-রাইনা দম্পতির পাসপোর্ট ও ভিসা জাল। এসময় তাদেরকে আটক করে বিমানবন্দর থানায় সোর্পদ করে ইমিগ্রেশন পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই রাকিব হাসান সমকালকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, একটি আন্তর্জাতিক অনলাইন চক্রের মাধ্যমে তারা আমেরিকার পাসপোর্ট এবং ভিসা সংগ্রহ করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী জড়িত চক্রকে শনাক্ত করতে মামলা তদন্তে সম্ভাব্য স্থানে তল্লাশী অব্যাহত আছে।
বিষয় : আমেরিকা পাসপোর্ট দালাল জালিয়াতি চক্র