কালীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন ও কৃষি প্রণোদনা বিতরণ
গাজীপুরের কালীগঞ্জে একই দিনে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং প্রান্তিক কৃষকদের সহায়তা দিতে বড় ধরনের সরকারি অনুদান ও উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পৃথক দুটি কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ সহায়তা এবং কৃষি পুনর্বাসন প্রকল্পের আওতায় এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের "বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)" কর্মসূচির আওতায় (২০২৫-২৬ অর্থবছর) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি, বাইসাইকেল এবং নারীদের মাঝে সেলাই মেশিন ও গৃহহীন পরিবারের মাঝে বাসস্থান সহায়তার চাবি হস্তান্তর করা হয়। শিক্ষা উপবৃত্তির আওতায় প্রাথমিক পর্যায়ের ৮ জনকে ৩ হাজার টাকা, মাধ্যমিকের ৫ জনকে ৫ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিকের ৩ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া ২ জন শিক্ষার্থীকে বাইসাইকেল ও ২ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।
বিকেলে অপর এক অনুষ্ঠানে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ ও লেবুর চারা, জৈব সার, গ্রীষকালীন সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. টি. এম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য এ. কে. এম ফজলুল হক মিলন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ. কে. এম ফজলুল হক মিলন বলেন, “আমাদের প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করছেন। সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে সমাজের মূল স্রোতে সম্পৃক্ত করতে বিশেষ প্রকল্পের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে। একইসঙ্গে আমাদের কৃষকদের হাতকে শক্তিশালী করতে সরকার বীজ ও সার পৌঁছে দিচ্ছে। এই সহায়তা কাজে লাগিয়ে আপনারা নিজেরা যেমন স্বাবলম্বী হবেন, তেমনি দেশের অর্থনীতিতেও অবদান রাখবেন।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম কামরুল ইসলাম বলেন, “উপজেলা প্রশাসন সবসময় চেষ্টা করে সরকারের প্রতিটি কল্যাণমূলক কাজ সরাসরি প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে। আজকের এই শিক্ষা উপবৃত্তি ও বাইসাইকেল নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করবে এবং সেলাই মেশিন নারীদের
আত্মনির্ভরশীল করে তুলবে। এছাড়া কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষকরা যাতে নতুন উদ্যমে চাষাবাদ করতে পারে, আমরা সেই পরিবেশ নিশ্চিত করছি।”
উপজেলা কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এসব অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিপুল
সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন। সরকারের এই বহুমুখী উন্নয়ন সহায়তা পেয়ে সুবিধাভোগীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা গেছে।