খানসামায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ
দিনাজপুরের খানসামা উপজেলার দক্ষিণ বালাপাড়া মালোরপাড়া এলাকার দারুসসালাম নূরানী ইসলামী একাডেমির প্রধান সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। সন্ধ্যার পর অভিযোগটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে এলাকাবাসী অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এলাকাবাসীর দাবি, এর আগেও একই শিক্ষকের বিরুদ্ধে আরও দুই শিক্ষার্থীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উঠেছিল। তবে সেসব অভিযোগের বিষয়ে আইনগতভাবে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে দোষীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।