কালীগঞ্জে পল্লী বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ হাসান আনন্দ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই সহযোগীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) রাত আনুমানিক ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকায় ইউরো বাংলা গ্লাস ফ্যাক্টরি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাসান আনন্দ উপজেলার মূলগাঁও চরপাড়া এলাকার আমিন মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। তবে পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, তিনি তার চুরির সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দ আরও কয়েকজনকে নিয়ে ইউরো বাংলা গ্লাস ফ্যাক্টরির পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরির পরিকল্পনা করেন। ওই লাইনের একটি সংযোগ বিচ্ছিন্ন থাকায় তারা বৈদ্যুতিক খুঁটি থেকে তার কেটে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত তাদের হাতে থাকা তারটি পাশের সচল বিদ্যুৎ লাইনের সঙ্গে স্পর্শ করলে বিদ্যুৎ প্রবাহিত হয়। এতে জাহিদ হাসান আনন্দ গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর তার সহযোগীরা তাকে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ মধ্যরাতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বুধবার সকালে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা আনন্দর দুই সহযোগীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আটককৃতরা হলেন একই এলাকার সাইফুলের ছেলে আশিক এবং বাঘেরপাড়া এলাকার অরুণের ছেলে খাইরুল। স্থানীয়দের দাবি, তাদের কাছ থেকে চুরি করা বৈদ্যুতিক তারও উদ্ধার করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।