মেধা ও বিজ্ঞান উদ্ভাবনে শিক্ষার্থীদের অংশগ্রহণে কালীগঞ্জে দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত
P"মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী শিক্ষা ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল ৯টা থেকে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (SEDS)-এর আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন।
প্রদর্শনীতে উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়, সাওরাইদ উচ্চ বিদ্যালয়, তুমুলিয়া বালক উচ্চ বিদ্যালয়, বেরুয়া আব্দুর রাফে খান উচ্চ বিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী হাই স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজ, বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়, জুগুলী উচ্চ বিদ্যালয়, খইকারা উচ্চ বিদ্যালয়, পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শিক্ষক-শিক্ষার্থীদের বিপুল উপস্থিতিতে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক প্রকল্প ও সৃজনশীল কর্ম প্রদর্শনের মাধ্যমে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
প্রধান অতিথির বক্তব্যে একেএম ফজলুল হক মিলন বলেন, “এ ধরনের প্রদর্শনী ও উদ্যোগ শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশে অগ্রণী ভূমিকা পালন করবে। ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ গড়ে ওঠার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের বেকারত্ব সমস্যা দূরীকরণেও ইতিবাচক ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা হয়। জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মিনহা আক্তার পবিত্র কুরআন তেলাওয়াত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার জিনাত রেহানা শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরোয়ার লিমা, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, খাইরুল আহসান মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
দিনব্যাপী প্রদর্শনী শেষে প্রধান অতিথি বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের সফল আয়োজন ও শিক্ষার্থীদের উদ্ভাবনী অংশগ্রহণে উপস্থিত সকলেই সন্তোষ প্রকাশ করেন।