গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
কালীগঞ্জ উপজেলায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের উত্তরসোম ৮ নম্বর ওয়ার্ডে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। এ সময় তিনি গ্রাম আদালতের কার্যক্রম ও এর বিভিন্ন সুবিধা সম্পর্কে স্থানীয় জনগণের মাঝে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, গ্রাম আদালত হলো স্থানীয় পর্যায়ে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। এর মাধ্যমে সাধারণ মানুষ স্বল্প সময়ে, স্বল্প খরচে এবং সহজ প্রক্রিয়ায় ন্যায়বিচার পেতে পারেন। ফলে আদালতের দীর্ঘসূত্রতা ও অতিরিক্ত ব্যয়ের ঝামেলা এড়িয়ে দ্রুত বিরোধ নিষ্পত্তি সম্ভব হচ্ছে।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের গ্রাম আদালতের সেবার আওতা, মামলা দায়েরের প্রক্রিয়া, বিচার কার্যক্রম এবং নাগরিকদের অধিকার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এছাড়া গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গ্রাম আদালত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা গ্রাম আদালতের সেবা আরও বিস্তৃত করতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।