গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলল পরিচয়: কালীগঞ্জে উদ্ধার হওয়া মরদেহ ছাইফুল ইসলামের
গাজীপুরের কালীগঞ্জে সড়কের পাশে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পরিবারের সদস্যরা এগিয়ে এলে এবং পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সহায়তায় আঙুলের ছাপ পরীক্ষা করে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।
মঙ্গলবার (২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মো. জাকির হোসেন। নিহত ব্যক্তি কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়ন-এর অলুয়া গ্রামের বাসিন্দা আলহাজ উদ্দিনের ছেলে ছাইফুল ইসলাম (৪৯)।
পুলিশ সূত্রে জানা যায় কালীগঞ্জ উপজেলার একটি সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরিচয় শনাক্তে পুলিশ বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে। সংবাদটি প্রকাশের পর নিহতের পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।
পরবর্তীতে পিবিআইয়ের সহায়তায় মরদেহের আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে দেখা হলে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়। এরপর পরিবারের সদস্যদের কাছে বিষয়টি অবহিত করা হয়।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, “গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং পিবিআইয়ের প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
নিহতের মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে বলে জানা গেছে।