কালীগঞ্জে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন
কালীগঞ্জে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সেবা মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি ও গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির মাস্টার।
সভায় বক্তারা বলেন, দেশে ভূমি সংক্রান্ত জটিলতা দীর্ঘদিনের সমস্যা। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার ভূমি ব্যবস্থাপনায় অনলাইন সেবা চালু করেছে। ডিজিটাল ভূমি সেবার মাধ্যমে জনগণ এখন ঘরে বসেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছে, ফলে সময় ও হয়রানি দুটোই কমছে।
বক্তারা আরও বলেন, ভূমি সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে যদি সাধারণ মানুষের একটি অংশও উপকৃত হয়, তাহলেই এ আয়োজন সফল ও সার্থক হবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।