নেতৃত্বে পরিবর্তন: চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে ঠান্ডু
দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে বাগেরহাটের চিতলমারী উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এ নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসান হাবীব (ঠান্ডু)-কে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গত ২৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখে মমিনুল হক টুলু বিশ্বাসকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
পরবর্তীতে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ২ এপ্রিল ২০২৬ ইং তারিখে আহসান হাবীব (ঠান্ডু)-কে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়, যাতে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকে এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় থাকে।
দলীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে ঠান্ডু প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। বিশেষ করে বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় তিনি একাধিক হামলা ও মামলার শিকার হন এবং তার বসতবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনাও ঘটে।
উপজেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞ এই নেতা একাধিকবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এলাকায় তিনি জনবান্ধব ও সহানুভূতিশীল ব্যক্তি হিসেবে পরিচিত।
দলীয় নেতাকর্মীরা মনে করছেন, নতুন এই দায়িত্ব পালনের মাধ্যমে আহসান হাবীব (ঠান্ডু) সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে ভূমিকা রাখবেন।