ডিমলায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নীলফামারীর ডিমলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ, ডিমলা উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকালে কর্মসূচিতে ডিমলা উপজেলার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আশরাফুজ্জামান সাজু-এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি ডিমলা উচ্চ বিদ্যালয় মাঠে হতে শুরু করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিজয় চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তারা সমাজ থেকে মাদক নির্মূলে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং পরিবার ও সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ চর্চা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। এবং পার্শ্ববর্তী ভারত থেকে প্রচুর মাদক বাংলাদেশের ভিতরে আনতেছে মাদক ব্যবসায়ীরা এদেরকে প্রতিহত করতে হবে।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুব ও ক্রীড়া বিভাগের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত ভূমিকা পালনের আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।