কেশবপুরে ব্র্যাকের উদ্যোগে নারী সদস্যদের মাঝে বিনামূল্যে হাঁস বিতরণ
নারী ক্ষমতায়ন বৃদ্ধি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ব্র্যাক শাখার উদ্যোগে নারী সদস্যদের মাঝে বিনামূল্যে হাঁস বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ জুন) যশোর-১ অঞ্চলের কেশবপুর এলাকার পাঁজিয়া শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাকের বাস্তবায়নে ও মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সহযোগিতায় ৪০ জন নারী সদস্যের মাঝে জনপ্রতি ১০টি করে মোট ৪০০টি হাঁস বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে ব্র্যাক দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। হাঁস পালনের মাধ্যমে উপকারভোগীরা ডিম ও হাঁস বিক্রি করে অতিরিক্ত আয় করতে পারবেন, যা তাদের পারিবারিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হাঁস পেয়ে উপকারভোগী নারীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ সহায়তা তাদের স্বাবলম্বী হওয়ার পথে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। সঠিক পরিচর্যার মাধ্যমে হাঁস পালন করে তারা পরিবারের আয় বৃদ্ধি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাঁজিয়া ব্র্যাক শাখার ম্যানেজারসহ শাখার অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও সহকর্মীবৃন্দ। তারা উপকারভোগীদের হাঁসের সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা এবং রোগ প্রতিরোধ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
স্থানীয় সচেতন মহল ব্র্যাকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম গ্রামীণ নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।