“কারিগরি শিক্ষার বিকল্প নেই” — খানসামা টিটিসিতে হুইপ আখতারুজ্জামান মিয়া
টুলস অপারেশন ওয়ার্কশপ উদ্বোধন, কারিগরি শিক্ষার উন্নয়নে সহযোগিতার আশ্বাস
দিনাজপুরের খানসামা উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর চলমান প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন মহান জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনে এসে তিনি কেন্দ্রের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিমাই কুমার দত্ত হুইপকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার, ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের ডিজিএম মো. জাকির হোসেন সুমন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টিটিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিন কেন্দ্রে “মেশিন টুলস অপারেশন” ওয়ার্কশপের উদ্বোধন করেন হুইপ আখতারুজ্জামান মিয়া, এমপি। উদ্বোধন শেষে তিনি বলেন, বর্তমান সময়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকার কারিগরি শিক্ষার সম্প্রসারণে গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি খানসামা টিটিসির সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, “প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে দেশের তরুণরা দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। তাই যুগোপযোগী প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করতে হবে।”
উল্লেখ্য, খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এলাকায় দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন মেয়াদি কারিগরি ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়। স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আধুনিক প্রযুক্তি ও শিল্পখাতের চাহিদা অনুযায়ী নতুন নতুন প্রশিক্ষণ কোর্স চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি উপজেলার কারিগরি শিক্ষার প্রসারে ইতিবাচক ভূমিকা পালন করছে।