মহানগর দায়রা জজ আদালত
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক হাকিমুন্নাহারের (৩৬) আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো: রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, আসামি হাকিমুন্নাহার নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী গ্রহণ করেন। দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ (সংশোধিত-২০১৯) অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী দাখিল না করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায়, তার বিরুদ্ধে গত ২০ জানুয়ারি দুদক মামলা দায়ের করেছে।
আসামি হাকিমুন্নাহার একজন আয়কর দাতা। অনুসন্ধানকালে ২০২০-২১ করবর্ষ হতে ২০২৩-২০২৪ করবর্ষ পর্যন্ত তার আয়-ব্যয়ের তুলনামূলক পর্যালোচনা করা হয়।
উক্ত আসামির জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের সুষ্ঠু তদন্তের স্বার্থে, তার আয়কর নথির শুরু থেকে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন। সূত্র : বাসস