মহাদেবপুর উপজেলার বাগধানা গ্রামে প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত বসতঘর
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতানওগাঁর মহাদেবপুর উপজেলার বাগধানা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার (১ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের জমি বিরোধের জেরে একই গ্রামের কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়ির বারান্দার কয়েকটি সিমেন্টের খুঁটি ভেঙে ফেলে এবং দুটি জানালা ভাঙচুর করে।
একপর্যায়ে বসতবাড়িতে আগুন দেয়ার অভিযোগ করা হয়। এতে বাড়ির সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী ইদ্রিস আলী অভিযোগ করে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এরশাদ, এজাজুল, আশরাফ ও আমিনুল ইসলাম হামলা চালায়। এ সময় তারা আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
তবে অভিযুক্তএজাজুলসহ তার বোন ও মা আজিরুন দাবি করেন, আগে তাদের ওপর হামলা চালানো হয়, পরে তারা প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর করে। অগ্নিসংযোগের অভিযোগও তারা নাকচ করেন।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।