যুদ্ধবিরতির আলোচনা করতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধিদল
শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য আজ পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধিদল। ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
পোস্টে তিনি লেখেন, ‘কূটনৈতিক উদ্যোগকে বানচাল করার জন্য ইসরাইলি সরকারের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে ইরানি জনমতের মধ্যে সংশয় থাকা সত্ত্বেও, মাননীয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আমন্ত্রণে ইরানের প্রস্তাবিত ১০ দফার উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য একটি ইরানি প্রতিনিধিদল আজ রাতে ইসলামাবাদে এসে পৌঁছাবে।’
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) পাকিস্তানের মধ্যস্থতায় ১৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। এর পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জন করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরান এই যুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জনের দাবি করেছে।