ঢাকা   মঙ্গলবার, ০৫ মে ২০২৬
আত্রাই বার্তা

খুলে নেওয়া হলো মমতার বাড়ির গলির মুখের ‘সিজার ব্যারিকেড’

ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের আবহে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশপাশের কড়া নিরাপত্তা ব্যবস্থায় শিথিলতা আনা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের গলির মুখ থেকে দীর্ঘদিনের ‘সিজার ব্যারিকেড’ সরিয়ে নেওয়া হয়েছে। মমতার বাড়ির এই গলির মুখে এত দিন সাধারণ মানুষের চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হতো। এই বিষয়ে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে—এত দিন মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়া এই গলিতে প্রবেশ করতে হলে পথচারীদের পরিচয় যাচাই করা হতো। কেন যাচ্ছেন, কার সঙ্গে দেখা করবেন—এসব প্রশ্নের জবাব না দিলে ঢোকার অনুমতি মিলত না। এমনকি স্থানীয় বাসিন্দাদেরও বাড়ি থেকে বের হওয়ার সময় পরিচয়পত্র, বিশেষ করে আধার কার্ড সঙ্গে রাখতে হতো। নিরাপত্তারক্ষীরা গলির মুখে ব্যারিকেড আড়াআড়িভাবে বসিয়ে রাখতেন এবং কাউকে প্রবেশের আগে তা সরিয়ে আবার বন্ধ করে দিতেন। তবে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরপরই এই চিত্র বদলে গেছে। মঙ্গলবার সকালে দেখা যায়, গলির মুখে নিরাপত্তারক্ষী থাকলেও তারা আর কাউকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন না। ব্যারিকেড একপাশে সরিয়ে রাখা হয়েছে, ফলে সাধারণ মানুষের চলাচল এখন পুরোপুরি উন্মুক্ত। স্থানীয় বাসিন্দা রাজু মাহাতো জানান, আগে এই গলি দিয়ে যাতায়াত করতে গেলেই নানা জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতো। কিন্তু এখন কোনো বাধা নেই, সহজেই আসা-যাওয়া করা যাচ্ছে। এর আগে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি এবং বিজেপির বড় জয়ের পর সোমবার রাতে কালীঘাট এলাকায় বিজয় মিছিল করেন বিজেপি সমর্থকেরা। তখনো ব্যারিকেড ও নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই কঠোর ছিল। নিরাপত্তা শিথিলের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা মন্তব্য করেছেন—‘এ যেন বার্লিন প্রাচীর ভাঙার মতো ঘটনা।’ ফল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই এমন পরিবর্তনে বিস্মিত স্থানীয়রাও।

খুলে নেওয়া হলো মমতার বাড়ির গলির মুখের ‘সিজার ব্যারিকেড’