ঢাকা   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
আত্রাই বার্তা

মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু আহত, হাসপাতালে একজনের মৃত্যু

রাজধানীর ডেমরার কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নাজমুল হোসেন (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু মো. ইমন (১৮)। বুধবার রাত ১টার দিকে দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মোহাম্মদ শাহিন জানান, কোনাপাড়া বাঁশেরপুল পেপার মিল গেটের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান নাজমুল ও ইমন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেন। সেখানে নাজমুলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ইমনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। নিহত নাজমুলের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামে। তিনি মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ডেমরার কোনাপাড়া এলাকায় থাকতেন এবং পেশায় ব্যবসায়ী ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু আহত, হাসপাতালে একজনের মৃত্যু