বিতর্কিত গানের নতুন সংস্করণ বাদশাহর
বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী বাদশাহর গান নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলে বিতর্ক। সম্প্রতি ‘টটীরী’ নামে সেই গানটি তৈরি করে বিতর্কে জড়িয়ে যান এ সংগীতশিল্পী। এ নিয়ে বহু সমালোচনার মুখেও পড়েন তিনি। মহিলা কমিশনে এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ।এবার শুক্রবার (১০ এপ্রিল) ঘোষণা দিয়েছেন সেই গানের নতুন সংস্করণ আনতে চলেছেন তিনি। প্রবল সমালোচনার মুখে সেই গান সরিয়ে ফেলা হয় ‘স্ট্রিমিং প্ল্যাটফর্ম’ থেকে। মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই মুক্তি পাবে সেই নতুন গানটি। সেই গানে ‘আপত্তিকর’ কিছু থাকবে না বলেও জানিয়েছেন বাদশাহ।
এর আগে ৭ এপ্রিল জাতীয় মহিলা কমিশনের সামনে হাজির হয়েছিলেন বাদশাহ। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ। কমিশনের কাছে ক্ষমা চেয়েছেন গায়ক। শুধু তাই নয়, সেই সঙ্গে ৫০ জন মেয়ের পড়াশোনার খরচ বহন করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। সেই সঙ্গে কমিশনকে নাকি বাদশা এ-ও জানান, আগামী চার মাসের মধ্যেই নারীদের জন্য একটি ইতিবাচক গান তৈরি করবেন তিনি। ভবিষ্যতে তিনি এ ধরনের আর কোনো কাজ না করার কথাও দিয়েছেন। তাহলে ‘টটীরী ফির সে’ কি সেই যাত্রারই প্রথম পদক্ষেপ?সামাজিক মাধ্যমে একটি বার্তা প্রকাশ করেছেন গায়ক বাদশাহ। সেখানে তিনি হরিয়ানার বাসিন্দা ও সব অনুরাগীর উদ্দেশ্যে লিখেছেন—গত কয়েক সপ্তাহ ধরে আমাদের ‘টটীরী’ গানটি নিয়ে সরকারি আধিকারিক, মহিলা কমিশন, সমাজকর্মীসহ অনেকের কাছ থেকে অনেক কিছু শুনেছি। তার ওপর ভিত্তি করে আমরা এই গানে প্রয়োজনীয় বদল ঘটিয়েছি এবং সব আপত্তিকর অংশ মুছে ফেলেছি।
এ গায়ক বলেন, আমি সবার প্রতিক্রিয়া ও আবেগকে সম্মান করি। শিল্পী হওয়ার পাশাপাশি এই সমাজ ও সংস্কৃতির প্রতি আমাদের দায়বদ্ধতাও জরুরি।
বাদশাহ আরও বলেন, আমি চিরকালই নির্দিষ্ট জায়গার সংস্কৃতি ও মানুষের কথাই গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ‘টটীরী ফির সে’ সেদিকেই আমাদের পরবর্তী পদক্ষেপ। আপনাদের সমর্থন, কণ্ঠ এবং বিশ্বাসই গানটিকে জীবিত রেখেছে। আশা করছি, নতুন গানেও তা বজায় থাকবে। সেই বার্তায় বাদশাহ ঘোষণা করেছেন, ১৪ এপ্রিল ‘টটীরী ফির সে’ মুক্তি পাবে।