‘ধুরন্ধর-৩’ সিনেমায় ইরান-যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতিতে রাজি করাবেন রণবীর!
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতিতে পাকিস্তানের কূটনৈতিক ভূমিকার প্রশংসা হচ্ছে সর্বত্র। পাকিস্তানি সামাজিক মাধ্যম এই সাফল্যে উৎসবে মেতে উঠেছে। ঠিক এই সময়ে পাকিস্তানি অভিনেত্রী দুরে-ফিশান সালিম একটি মজাদার মন্তব্য করে ইন্টারনেট দুনিয়া মাতিয়ে দিয়েছেন।ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘ধুরন্ধর ৩-তে রণবীর সিং এর কৃতিত্ব নেবে, এমন কিছু দেখার তর সইছে না।’ এই একটি লাইন মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ একটি হাই-অক্টেন স্পাই অ্যাকশন থ্রিলার। ছবিতে রণবীরের চরিত্র এমন যে সে প্রতিটি বড় সাফল্যের কৃতিত্ব নিজে নেয়। ছবিতে সীমান্তপারে গোপন অভিযান ও পাকিস্তান-সংশ্লিষ্ট কাহিনি থাকায় এটি পাকিস্তানেও আলোচনার বিষয় হয়েছিল।
‘বাস্তবে যা ঘটেছে, তার উলটো চিত্র বলিউডের প্রোপাগান্ডা সিনেমায় দেখা যায়’ — এমন একটা প্রবণতা বহু দিন ধরেই হিন্দি সিনেমায় দৃশ্যমান। দুরে-ফিশান মূলত সে বিষয়টি নিয়েই খোঁচা দিয়েছেন প্রতিবেশী দেশের ইন্ডাস্ট্রিকে। তার পোস্টের সারকথা ছিল এই যে — পাকিস্তান যদিও বৈশ্বিক যুদ্ধ থামিয়ে দিয়েছে, তবুও ধুরন্ধর ৩-তে ভারতের হয়ে সেই কৃতিত্বও রণবীর নিয়ে নেবেন।
শুধু দুরে-ফিশান নন, পাক কমেডিয়ান আলি গুল পিরও খোঁচা দিয়েছেন। তার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘এখন সময় হয়েছে ধুরন্ধর ৩-এর, যেখানে নায়ক অদ্ভুতভাবে মানুষকে জড়িয়ে ধরে আর কল্পনার ছবি বানায়, পাকিস্তান একটি বৈশ্বিক যুদ্ধ থামায়, আর শেষে রণবীর এক কাপ চা খেয়ে বাড়ি ফিরে যায়।’