শীর্ষ পাঁচ লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল যাদের
বুন্দেসলিগায় এক মৌসুমে সর্বাধিক গোলের রেকর্ড নতুন করে গড়েছে বায়ার্ন মিউনিখ। মৌসুম শেষ হতে এখনো পাঁচ ম্যাচ বাকি থাকতেই তারা নিজেদের আগের রেকর্ড ভেঙে ফেলেছে।
এখন তাদের সামনে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করার সুযোগ আছে, যদিও কাজটি সহজ নয়—শেষ পাঁচ ম্যাচে তাদের করতে হবে আরও ২১ গোল।
জার্মান লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের তালিকায় পুরো আধিপত্যই বায়ার্নের। শীর্ষ সাতটি রেকর্ডই তাদের দখলে। সম্প্রতি সেন্ট পাউলির বিপক্ষে ৫-০ গোলের জয় পেয়ে তারা নতুন রেকর্ড গড়ে। ২৯ ম্যাচে তাদের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০৫, যা আগের ১০১ গোলের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ১৯৭১-৭২ মৌসুমে বেকেনবাওয়ার ও জার্ড মুলারদের দলটি সেই পুরোনো রেকর্ড গড়েছিল। এ মৌসুমে বায়ার্নের হয়ে সর্বোচ্চ গোল করেছেন হ্যারি কেইন (৩১ গোল)। এছাড়া লুইস দিয়াজ (১৫) ও মাইকেল ওলিসে (১২) দুজনেই দুই অঙ্কের গোল করেছেন।