কালীগঞ্জে এলপিজি প্ল্যান্টে অভিযান, বিএম এনার্জিকে ৩ লাখ টাকা জরিমানা
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে বিএম এনার্জি বিডি লিমিটেড-এর প্ল্যান্টে যৌথ অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকায় অবস্থিত প্ল্যান্টটিতে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল। বিষয়টি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
মোবাইল কোর্ট ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বালীগাঁও ও মূলগাঁও মৌজায় দুই একরের বেশি জমির ওপর গড়ে ওঠা এই প্ল্যান্টে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংরক্ষণ ও সিলিন্ডারজাত করে বাজারজাত করা হয়। তবে সম্প্রতি জ্বালানি সংকটকে পুঁজি করে প্রতিষ্ঠানটি ডিলারদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে—এমন অভিযোগ ওঠে।
সরকার নির্ধারিত পাইকারি মূল্য অনুযায়ী প্রতি সিলিন্ডারের দাম ১ হাজার ৬৩৩ টাকা হলেও ডিলারদের কাছ থেকে ১ হাজার ৭৪৫ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। যদিও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দাবি করে, অতিরিক্ত নেওয়া অর্থ পরে সমন্বয় করা হয়। কিন্তু ডিলারদের অভিযোগ, প্রতি সিলিন্ডারে ২০ থেকে ৩০ টাকা ভাড়া বাবদ কেটে রাখা হলেও বাকি অর্থ আর ফেরত দেওয়া হয় না।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চালানপত্র ও আদায়কৃত অর্থের মধ্যে অসঙ্গতি ধরা পড়ে। এ সময় উপস্থিত কয়েকজন ডিলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে সরাসরি অভিযোগ করেন।
পরবর্তীতে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬-এর ৬(১) ধারায় মোবাইল কোর্ট বসিয়ে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
স্থানীয়দের মতে, ঘনবসতিপূর্ণ এলাকায় এমন ঝুঁকিপূর্ণ স্থাপনা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।