ফুলপুরে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মোঃ আবু রায়হান, ফুলপুর,ময়মনসিংহ :
ফুলপুর থেকে শহরের কর্মস্থল মুখী মানুষের কাছ থেকে তিনগুণেরও বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ময়মনসিংহ- শেরপুর সড়কের ফুলপুর থেকে সাধারণত ঢাকার বাস ভাড়া ২০০ টাকা হলেও ঈদের পর থেকে ৫০০ থেকে ৬০০ টাকা করে নেয়া হচ্ছে। দাড়িয়ে যাওয়া যাত্রীদের কাছ থেকে নেয়া হচ্ছে ৩০০ টাকা করে। সিটসহ দাড়িয়ে যাওয়া যাত্রীতে বাস পরিপূর্ণ না হওয়া পর্যন্ত ছেড়ে যাচ্ছে না। এতে অধিকাংশ সময় মারাত্বক যানজটের সৃষ্টি হচ্ছে। ট্রাকে শুধু গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যাত্রী পরিবহনে নেয়া হচ্ছে ২০০ টাকা করে। ভাড়া কম পাওয়ায় ট্রাকে যাত্রীর ভিড় বাড়ছে। বাস ও সিএনজি চালিত অটোরিকশায় ময়মনসিংহের ভাড়া ৫০ টাকার স্থলে নেয়া হচ্ছে ২০০ টাকা করে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম আরিফুল ইসলামের নেতৃত্বে রোববার বিকেলে ভ্রাম্যামাণ আদালতের অভিযান চালিয়ে কিছু যানবাহনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
কয়েকজন সিএনজি চালিত অটোরিকশা চালক জানান, বর্তমানে ময়মনসিংহে যাওয়ার পর প্রতি গাড়ী প্রায় ৪০০ টাকা করে চাঁদা দিতে হচ্ছে। এতে বাধ্য হয়েই বেশি ভাড়া নিচ্ছেন।