খানসামায় ৪ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেফতার
দিনাজপুরের খানসামা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে চার কেজি গাঁজা সহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে খানসামা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন, বড় পলাশবাড়ী রতনদিঘী এলাকার দবিরুল ইসলাম এর পুত্র মোস্তাফিজুর রহমান (২২)। বীরগঞ্জ গোরস্থান পাড়ার মৃত জয়নাল আবেদীন এর পুত্র আব্দুর সাত্তার (৫৮)।
উপজেলা হলদিপাড়া এলাকার মৃত আফতাবউদ্দিন এর পুত্র সানোয়ার হোসেন (৫২)। গোবিন্দপুর বানিয়াপাড়া এলাকার শামসুল হকের পুত্র আব্দুর সামাদ (৪০)। থানা সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দপুর বুধুর বাঁশতলায় অভিযান চালায় খানসামা থানা পুলিশের একটি অভিযানিক দল। ভোর ৫ টায় খানসামা ওয়ালটন মোর দিয়ে পাকেরহাট যাওয়ার পথে মাদক কেনা-বেচার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ৪কেজি গাঁজা উদ্ধার করে থানা পুলিশ। মাদক কেনা-বেচার কাজে ব্যবহৃত লাইসেন্স বিহীন দুইটি ৩ চাকা বিশিষ্ট পুরাতন ইজিবাইক উদ্ধার করা হয়।
খানসামা থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালত পাঠানো হয়েছে। আসামীদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।