ইউপি চেয়ারম্যান ছাড়াই খানসামা উপজেলা পরিষদের মাসিক সভা
নুর-আমিন ;খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ-দিনাজপুরের খানসামায় গত ২ মাস থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা। এ নিয়ে উপজেলা জুড়ে সচেতন মহলে চলছে নানা আলাপ-আলোচনা।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে উপজেলা পরিষদ কমপ্লেক্স সভাকক্ষে গিয়ে দেখা যায়, সকাল ১০টায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় ১১টায়। উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নের সভাপতিত্বে ও ইউএনও রাশিদা আক্তারের সঞ্চালনায় শুরু হয়ে দুপুর ২ টার দিকে শেষ হয়।
জানা গেছে,সমন্বয়হীনতা ও স্বেচ্ছাচারিতার অভিযোগে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভাসহ উপজেলা প্রশাসনের সকল কাজ বর্জন করেছে ৬ ইউপি চেয়ারম্যানগণ।
তারা হলেন, উপজেলার আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী ও ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল।
ইউপি চেয়ারম্যানদের দাবী, সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের পরিকল্পনা ও বাস্তবায়ন করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু বিগত কয়েক মাস ধরে সেটি ছাড়াই উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এককভাবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে যাচ্ছে।
উল্লেখ্য-এর আগে, ইউনিয়ন পরিষদের মতামত ও ভিডব্লিউবি ইউনিয়ন কমিটির সভাপতি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের স্বাক্ষর ছাড়াই ইউএনও, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও ইউপি সচিব খানসামা উপজেলায় চূড়ান্ত হওয়া ভিডব্লিউবি কর্মসূচীর ২৬৫৯ জনের তালিকা সংশোধন করার দাবিতে গত ১০ জানুয়ারী দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে ৪ ঘন্টা অবরুদ্ধ করেছিল ইউপি চেয়ারম্যান ও সদস্য-সদস্যারা।
এ বিষয়ে ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন ও গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। যতদিন পর্যন্ত আমাদের এই দাবীর সুষ্ঠ সমাধান হবেনা ততদিন পর্যন্ত আমরা (ইউপি চেয়ারম্যানগণ) উপজেলা পরিষদের মাসিক সভাসহ উপজেলা প্রশাসনের যাবতীয় কার্যক্রমে উপস্থিত হব না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয় নিয়ে কিছু বলবোনা ঠিক আছে!
এটা চেয়ারম্যানরা জানে কি কারনে অনুপস্থিত। ঠিক আছে বলে ফোন কেটে দেয়।