খানসামায় শীতার্তদের পাশে কনসার্ট ফর উষ্ণতা
দিনাজপুরের খানসামা উপজেলায় শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে অমৃতসূর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) উপজেলার পাকেরহাট জমিরউদ্দীন শাহ্ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন ডাকসুর সাবেক সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রকিবুল ইসলাম ঐতিহ্য।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরনবী ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক লিটন রহমান লিটু, মৎস্যজীবী লীগের যুগ্ম-আহ্বায়ক শেখ নুরজামাল, ঢাবি অমৃতসূর্যের আহ্বায়ক মারুফ শাহরিয়া তালহা প্রমুখ।
দশম শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আহ্বায়ক রকিবুল ইসলাম ঐতিহ্য বলেন, ‘শীতবস্ত্র বিতরণের মাধ্যমে ঘরে ঘরে কম্বল বিতরণ করা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে সমাজে সচেতনতা তৈরি করা। যার মাধ্যমে শ্রেণী বৈষম্য থেকে শুরু করে সকল ধরনের বৈষম্য দূর করতে পারি এটাই আমাদের লক্ষ্য।’
এই আয়োজনে যারা সহায়তা করেছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘এবার আমরা উত্তরবঙ্গের ৩ হাজার শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছি। আমাদের এই প্রচেষ্টার সেদিনই সমাপ্তি ঘটবে; যেদিন প্রতিটি মানুষ একে অপরের সহযোগিতায় এগিয়ে আসবে।’