পিএইচডি ডিগ্রি অর্জন করলেন দিপু সিদ্দিকী
রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার ডিপার্টমেন্ট অব এডুকেশনের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক দিপু সিদ্দিকী পিএইচডি অর্জন করেছেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুর রহমান আনওয়ারীর তত্ত্বাবধানে ‘জাতীয় শিক্ষার উন্নয়ন ও ইসলামীকরণে গণমাধ্যমের ভূমিকা : পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য এই ডিগ্রি লাভ করেন। দিপু সিদ্দিকীর সার্টিফিকেট নাম মুহাম্মদ আবু বকর সিদ্দিক।
তার পরীক্ষক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এএফএম আমীনুল হক ও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়ার ফ্যাকাল্টি অব ইসলামিক রিভিল্ড নলেজের অধ্যাপক ড. এ ওয়াই আলি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ভিসি অধ্যাপক ড. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত ২৫৬তম সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
ড. দিপু সিদ্দিকীর পিতা বীর মুক্তিযোদ্ধা কবি এম এ রউফ নবাব এবং মাতা বেগম শাহীদা নবাব চৌধুরী। কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সদস্য ড. দিপু সিদ্দিকী চার ভাই দুই বোনের মধ্যে মেঝ। ড. সিদ্দিকী সাংবাদিকতার সাথেও দীর্ঘদিন জড়িত রয়েছেন। তিনি ভারতের তারা টিভির সিনিয়র করেসপন্ডেন্ট ও প্রডিউসার। তিনি আমেরিকার টিবিসি চ্যানেলসহ বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত ছিলেন। তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।