নাগরপুরে নিখোঁজের ৪ দিন পর ঝুলন্ত মহিলার লাঁশ উদ্ধার
টাংগাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ফাতেমা আক্তার (৩৫) নিখোঁজের ৪ দিন পর গাছের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার ২ নভেম্বর সকালে ফাতেমার মরদেহ বাড়ির পাশের বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে থানা পুলিশকে জানানো হয়। পরে নাগরপুর থানা পুলিশ এসে নিথর পচনধরা দেহ উদ্ধার করে।
উপজেলার সহবতপুর দক্ষিন পাড়ার মৃত শমেজ খানের মেয়ে ফাতেমার বিয়ে হয় ময়মনসিংহ এর গৌরীপুরের আরশেদ আলীর ছেলে শামীমের সাথে। জানা যায়, স্বামীর ছোট ভাইয়ের সাথে প্রেমের টানে কোর্ট ম্যারিজ করে গত কয়েকদিন আগে বাবার বাড়িতে আসলে অশান্তির সৃষ্টি হয়।
নাগরপুর থানার অফিসার তদন্ত মো. হাসান সরকার জাহিদ জানান, ২ নভেম্বর বুধবার সকালে খবর পেয়ে মহিলার বাবার বাড়ির পাশের কাঠ বাগান থেকে পচনধরা মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে নাগরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করে লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
তবে, তার পরিবারের দাবি সে গত ২৭ অক্টোবর দুপুরের পর থেকে নিখোঁজ ছিলো।