খানসামায় ইভিএমে ভোট দিয়ে উচ্ছসিত ভোটাররা
এই প্রথম খানসামা উপজেলার ইতিহাসে ইভিএমের মাধ্যমে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে প্রশাসনিক কঠোর নিরাপত্তায় আজ সকালে খানসামা উপজেলা পরিষদ হলরুমে এই ভোটদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। চলবে সকালে ৯ টা থেকে দূপুর ২ টা পর্যন্ত।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এই নির্বাচনে খানসামা উপজেলা ৩নং ওয়ার্ড থেকে সদস্য পদে বৈদ্যুতিক পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আকবর আলী শাহয়ের নাতি শাহরিয়ার জামান শাহ নিপুণ, তালা প্রতীকে বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আজিজুর রহমান, টিউবওয়েল প্রতীকে সাংবাদিক ও ঠিকাদার মোছাঃ সারমিন রহমান।তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নির্বাচন বর্জন করেছেন।
এছাড়াও খানসামা, বীরগঞ্জ ও কাহারোল উপজেলা মিলে মহিলা সংরক্ষিত আসন-১ এ ফুটবল প্রতীকে শাহানাজ পারভীন ও টেলিফোন প্রতীকে মীরা মাহবুব নির্বাচনে লড়ছেন।
এবার খানসামা উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে ভোটকেন্দ্রে ৮১ জন ভোটার ইভিএমের মাধ্যমে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।
১ নং আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান খলিল বলেন ভোট দিয়েছি খুবই ভালো লাগলো ইভিএমে ভোট দিয়ে আমি এবং আমার ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যার মিলে এক সাথেই ভোট দিয়েছি।
৫ নং ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন খুবই সুন্দর ও সুষ্ঠ ভাবে ভোট দিলাম কোনো রকম সমস্যা হয়নি।
৬ নং গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখওয়াত হোসেন লিটন জানান, আমি ও আমার ইউপি সদস্যরা মিলে সকলে একসাথে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি কোনো রকম বিঘ্ন ঘটেনি।
ভোটকেন্দ্রের সার্বক্ষণিক তদারকি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে থানা পুলিশ, র্যাব ও আনসার বাহিনী। উপস্থিত আছেন ওসি চিত্তরঞ্জন রায়, ইন্সপেক্টর (তদন্ত) তাওহীদ ইসলাম, সেকেন্ড অফিসার এসআই ইবনে ফরহাদসহ অনেকে।