গোডাউনে চাল মজুদ রেখে বেশি দামে বিক্রি, ৭ আড়তদারকে অর্থদণ্ড
চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ-চাক্তাই চালের আড়তে জেলা প্রশাসনের অভিযানে ৬ আড়তদারকে অর্থদণ্ড ও একটি আড়ত সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আজ ২ জুন, বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চাক্তাই চালের আড়ত ও বন্দর মার্কেটে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের উপস্থিত ছিলেন।
জানা গেছে, চালের দাম বৃদ্ধি ঠেকাতে খাতুনগঞ্জ-চাক্তাই চালের আড়তের এসএ ট্রেডার্সকে ৫ হাজার টাকা, সাদ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, বাগদাদ রাইচ এজেন্সিকে ২ হাজার টাকা, আল্লাহর দান চাউল ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়। বন্দর মার্কেট এলাকার গরিবে নেওয়াজ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, হাশেম ব্রাদার্সকে ১ হাজার টাকা, মেসার্স হাজি অহিদুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উমর বলেন, চাক্তাই চালের দাম বৃদ্ধি ও অতিরিক্ত মজুদ করে বাজারে অস্থিতিশীল করার দায়ে ৬ আড়তদারকে জরিমানা ও একটি আড়ত সিলগালা করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে