দিনাজপুরের ঘোড়াঘাটে ধান কাঁটতে এসে অসুস্থ অবস্থায় রোহিঙ্গা আটক
দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে এসে অসুস্থ হয়ে পড়ায় মোহাম্মদ নুর (৩৫) নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ১০ টায় স্থানীয় লোকজন রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে নিয়ে যায়। মোহাম্মদ নূর নিজেকে কক্সবাজার টেকনাফের ২৭নং রোহিঙ্গা ক্যাম্প ব্লক-F এর মৃত মকবুল আহমেদের ছেলে এবং তার বড় ভাই এর নাম মোঃ শাহ্ আলম বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীসুত্রে জানা গেছে, উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের চোপাগাড়ী গ্রামের একটি মাঠে ধান কাটা শ্রমিকদের একটি গ্রুপে সে ধান কাঁটার কাজ করছিল। কাজ করা অবস্থায় হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায়। রোহিঙ্গা মোহাম্মদ নুর এক অপরিচিত বাঙ্গালীর সাথে শ্যামলী পরিবহণের একটি বাস চড়ে ধান কাটা শ্রমিক হিসেবে কাজ করতে দিনাজপুর এসেছিলেন।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ তৌহিদুল আনোয়ার ও ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ পার্থ জি-ময় সরকার জানান, মঙ্গলবার রাতে স্থানীয় লোকজন তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করে। দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকায় এবং পর্যাপ্ত পুষ্টিগুণ সম্পন্ন খাবার না খাওয়ায় তার শরীর দূর্বল হয়ে পড়েছে। তাকে স্যালাইন দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় অন্যান্য চিকিৎসা দেওয়া হচ্ছে। সে বর্তমানে ৬০ ভাগ সুস্থ।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার(ওসি) আজিম উদ্দিন বলেন, মোহাম্মদ নূর নামের এক অসুস্থ রোহিঙ্গাকে সাধারণ জনগণ উদ্ধার করে হাসপাতালে ভর্তির কথা জানার সাথে সাথে পুলিশ পাঠিয়ে তাকে পাহারায় রাখা হয়েছে এবং এব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সুস্থ হবার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।