হয়েছে সমঝোতা, আজ থেকে খুলছে নিউমার্কেট
নিউমার্কেট এলাকায় সংঘর্ষে হামলাকারী ও উসকানিদাতাদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়াসহ শিক্ষার্থীদের যৌক্তিক সব দাবি মেনে নেয়া হয়েছে। সেই সঙ্গে আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) থেকে নিউমার্কেট এলাকার সব দোকান খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (২০ এপ্রিল) দিবাগত মধ্যরাতে নিউ মার্কেট দোকানমালিক সমিতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি, ঢাকা কলেজের ছাত্র ও শিক্ষক, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সমঝোতা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৃহস্পতিবার ভোর ৪টার পরে সংবাদ সম্মেলন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধ্যাপক নেহাল আহমেদ এসব তথ্য জানান। তিনি বলেন, ‘কাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) থেকে নিউ মার্কেট খুলে দেয়া হবে। হামলাকারী ও উসকানিদাতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে। মার্কেট ব্যবস্থাপনার জন্য মনিটরিং সেল করা হবে। অভিযোগ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শিক্ষার্থীদের যৌক্তিক সব দাবি মেনে নেয়া হয়েছে উল্লেখ করে নেহাল আহমেদ বলেন, ‘আগামীকাল থেকে স্বাভাবিক অবস্থা বিরাজ করবে।