ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ: মধ্যরাতে ঢাকা কলেজের সব ক্লাস-পরীক্ষা ‘স্থগিত’
রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের পর ঢাকা কলেজের সব ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোর ৪টার দিকে ঢাকা কলেজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে অধ্যক্ষের বরাতে এই ঘোষণা দেয়া হয়। ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দেয়া নির্দেশনায় বলা হয়, ‘অনিবার্য কারণে মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সকল ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। সকল শিক্ষককে সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’ এদিকে দীর্ঘ সময় ধরে চলা সংঘর্ষে ঢাকা কলেজের চারজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে এ পর্যন্ত দুজনের নাম জানা গেছে। তারা হলেন মোশারফ হাজারী (২৪) ও মো. রজব ইসলাম (২৬)। এ দুজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।