ফুলপুরে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
ময়মনসিংহের ফুলপুরে স্কুলছাত্রী (১৫) কে জন্ম নিবন্ধনের কাগজ দেয়ার কথা বলে বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে ফুলপুর পৌরসভার বর্তমান ১ নং ওয়ার্ড কাউন্সিলর এহসানুল হক (৪০) এর বিরুদ্ধে ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে ভুক্তভোগী ।
কাউন্সিলর এহসানুল হক ফুলপুর পৌর এলকার চড়পাড়া গ্রামের আঃ হাই এর ছেলে।
ভুক্তভোগীর বাবা ঢাকায় পোষাক কারখানায় চাকুরী করে এবং মা ওমান প্রবাসী। স্কুলছাত্রী ফুলপুর পৌর এলাকার চড়পাড়া গ্রামে নানার বাড়ীতে থেকে ফুলপুরে একটি স্কুলে ৮ম শ্রেণীতে লেখাপড়া করে।
জানা যায়, ২১ নভেম্বর ২০২১ রোজ রবিবার সকাল আনুমানিক ১১ঃ০০ ঘটিকায় স্কুলছাত্রী (১৫) মামীকে নিয়ে নিজের জন্ম নিবন্ধন ঠিক করতে ফুলপুর পৌরসভা কার্যালয়ে গিয়ে ১নং ওয়ার্ডের কাউন্সিলর এহসানুল হকের সাথে দেখা করতে যায়। তখন জন্ম নিবন্ধনের কাগজ বাসায় আছে বলে এহসানুল হক ছাত্রীকে মোটরসাইকেলে উঠতে বলে। স্কুলছাত্রী মামীকে পৌরসভার অফিসে রেখে সরল বিশ্বাসে মোটরসাইকেলে উঠলে কাউন্সিলর এহসানুল তাকে গোদারিয়া গ্রামের সহিদ মিয়ার বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে কু-প্রস্তাব দেয়। স্কুলছাত্রী এতে রাজি না হওয়ায় কাউন্সিলর এহসাসুল হক স্কুলছাত্রীটিকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। তখন ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন চলে আসে তখন এহসানুল হক মটর সাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। এব্যাপারে ভুক্তভোগী স্কুলছাত্রী বাদী হয়ে ফুলপুর পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর এহসানুল হকের বিরুদ্ধে ৯ (৪) (খ)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩. ধারায় মঙ্গলবার রাতে ফুলপুর থানায় মামলা দায়ের করেছেন।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি মামলা হয়েছে।