প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
হরমুজে মাইন আঘাতে দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন
হরমুজে মাইন আঘাতে দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন
আত্রাই বার্তা ডেস্ক
হরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটেছে।
ঘটনাটি শুক্রবার ওমানের খাসাব বন্দরের কাছে এবং হরমুজ প্রণালির পূর্ব অংশে ঘটে। ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, ঘটনার কয়েক ঘণ্টা আগে খাসাব বন্দরের প্রবেশমুখে একটি ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এর কিছুক্ষণ পর হরমুজ প্রণালির পূর্ব দিকের একটি ‘অননুমোদিত নৌপথে’ আরেকটি ট্যাংকারও একই ধরনের মাইনের আঘাতে বিস্ফোরিত হয়।
ইরানি বাহিনীর দাবি, জলসীমায় নিজেদের উপস্থিতি গোপন রাখতে এবং নজরদারি এড়াতে দুটি ট্যাংকারই তাদের অবস্থান শনাক্তকরণব্যবস্থা (ট্র্যাকিং সিস্টেম) বন্ধ করে রেখেছিল।
বিবৃতিতে ওই নৌপথটি নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে আইআরজিসি নৌবাহিনী। তাদের দাবি, পুরো পথটিতে বিপুল পরিমাণ মাইন পেতে রাখা হয়েছে। এই ঝুঁকিপূর্ণ পথ দিয়ে চলাচল করার চেষ্টা করলে মার্কিন সামরিক বাহিনীর আকাশপথের সহায়তাও কোনো জাহাজকে রক্ষা করতে পারবে না।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ইরান। দেশটি জাহাজগুলোকে নিজেদের নির্ধারিত পথ ব্যবহার করতে বলছে। অনুমতি ছাড়া চলাচলকারী জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। অন্যদিকে ইরানের বন্দরগুলোয় নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে। সাম্প্রতিক দিনগুলোয়ও প্রণালিতে জাহাজে মাইন হামলার ঘটনা বেড়েছে।
এই ঘটনাগুলো সামুদ্রিক নিরাপত্তা ক্ষেত্রে ইরান ও পশ্চিমা শক্তির মধ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারি বাড়িয়েছে।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
প্রধান কার্যলয় : কলেজ মোড়, উপজেলা/থানা রোড, খানসামা-৫২৩০, দিনাজপুর
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা (সর্বস্ব সংরক্ষিত)