প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন উপসচিবকে বাংলাদেশ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দিলেন সরকার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন উপসচিবকে বাংলাদেশ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দিলেন সরকার
আত্রাই বার্তা ডেস্ক
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনজন উপসচিবকে বাংলাদেশ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে, যা ২৩ নভেম্বরের প্রজ্ঞাপনে বিস্তারিত বিধানসহ জারি করা হয়েছে।
এই প্রজ্ঞাপনে উপসচিব মো. তোফায়েল হোসেন (পরিচিতি নম্বর ১৬২৯৪), উপসচিব কাজী আরিফুর রহমান (পরিচিতি নম্বর ১৬৯০৫) এবং উপসচিব মোছা. ফুয়ারা খাতুন (পরিচিতি নম্বর ১৬৯২০)কে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত থাকায় তাদের এই ক্ষমতা বাংলাদেশ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার জন্য প্রযোজ্য।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১০(৫) ধারা অনুযায়ী এই কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধিকার দেওয়া হয়েছে এবং মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৪ ধারা অনুসারে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রদান করা হয়েছে।
উপসচিব মো. তোফায়েল হোসেনকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮, ২৯০ ও ২৯১ ধারায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে। অন্যদিকে উপসচিব কাজী আরিফুর রহমান ও উপসচিব মোছা. ফুয়ারা খাতুনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯; বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫; ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫; এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর নির্ধারিত ধারায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা সচিবালয়ে কর্মরত থাকাকালীন মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তবে মোবাইল কোর্ট পরিচালনার আগে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে। প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট তার অধিক্ষেত্রে অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত আইনে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি সমন্বয় করতে পারবেন।
এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনার বিবরণ নির্ধারিত ছকে সংশ্লিষ্ট মাসের শেষ কর্মদিবসে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এই প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষর করেছেন। প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে। সূত্র : বাসস।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
প্রধান কার্যলয় : কলেজ মোড়, উপজেলা/থানা রোড, খানসামা-৫২৩০, দিনাজপুর
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা (সর্বস্ব সংরক্ষিত)