প্রিন্ট এর তারিখ : ১৬ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৩
গরুর ‘সিদ্ধান্ত’ মেনে নিলেন ২ চেয়ারম্যান ও ২ শিক্ষক
নিউজ ডেস্ক ||
খুলনার পাইকগাছা উপজেলার দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালিসে ফেল করে একটি গরুর উপর তার ভার ছেড়ে দেন। আর সেই গরুর সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হন দুই চেয়ারম্যান এবং দুই শিক্ষক। ঘটনা একটি গরুর মালিকানা দাবি নিয়ে। পাইকগাছার গড়ইখালী ও লস্কর ইউনিয়নের দুই চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু ও আরিফুজ্জামান তুহিন। তারা শনিবার সন্ধ্যায় দুই ইউনিয়নের মাঝে মিনহাজ বাজারে বসেছিলেন একটি গরুর মালিকানা দাবির সালিস করতে। লস্কর খড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দীপক মণ্ডল ও গড়ইখালী শান্তা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুদর্শন মণ্ডল গরুটির মালিকানা দাবি করছিলেন।সুদর্শন মন্ডলের দাবি সাতদিন আগে তার যে গরুটি হারিয়ে গেছে সেটি দীপক মন্ডলের বাড়ীতে আছে। অন্যদিকে দীপক মন্ডলের দাবি তার বাড়ীতে থাকা গরুটি তারই।এই নিয়ে দুইজনের মধ্যে বিরোধ দেখা দেয়। গরুর দাবি থেকে কেউ সরে না আসায় চেয়ারম্যানরা বিপাকে পড়েন। শেষ পর্যন্ত এর সালিসের ভার গরুর উপরই ছেড়ে দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী দুই ইউনিয়নের মাঝামাঝি এলাকা খড়িয়া মিনহাজ ওয়াপদা থেকে গরু ছেড়ে দেওয়া হয়। গরু চলে যায় দীপক মাস্টারের বাড়ী।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত