প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২২
দিনাজপুরে ঘুষের টাকাসহ কারখানা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক গ্রেপ্তার
মোঃ জসিম উদ্দিন ||
দিনাজপুরে ঘুষের ৮০ হাজার টাকাসহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কার্যালয়ের উপ-মহাপরিদর্শক মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (২৫ মে) বিকেলে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম উপ-পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করে। জেলা দুদক সূত্রে জানানো হয়, গত ২৫ এপ্রিল চিরিরবন্দর উপজেলার আমবাড়ীতে অবস্থিত ইশান এগ্রো অ্যান্ড ফুডের জ্যেষ্ঠ নির্বাহী মো. রাশেদুজ্জামান রাসেল দিনাজপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে লাইসেন্স নবায়ন করতে যান। তখন উপ-মহাপরিদর্শক মোস্তাফিজুর রহমান লাইসেন্স নবায়নের জন্য ৮০ হাজার টাকা ঘুষ দাবি করেন। তিনি ২৭ এপ্রিল রাশেদুজ্জামান রাসেলকে টাকা ও কাগজপত্রসহ আসতে বলেন। পরে টাকা না দেওয়ায় রাসেলকে ফোন করে জানান, মিলের ইশতিয়াক আহমেদ ও ম্যানেজার আশরাফুলের নামে মামলা প্রক্রিয়াধীন। মামলা থেকে রেহাই পেতে সোমবার (২৩ মে) টাকাসহ তিনি অফিসে আসতে বলেন।২৩ মে সকালে রাশেদুজ্জামান রাসেল কাগজপত্র নিয়ে গেলে তার সঙ্গে খারাপ ব্যবহার করে কাগজপত্র ফেরত দেন মোস্তাফিজুর। পরে রাসেল দিনাজপুর সমন্বিত জেলা দুদক কার্যালয়ে অভিযোগ করেন। পরে বুধবার দুপুরে ঘুষের ৮০ হাজার টাকাসহ কাগজপত্র নিয়ে আবারো মোস্তাফিজুরের কাছে যান রাসেল। এ সময় ঘুষের টাকাসহ তাকে হাতেনাতে ধরে দুদক টিম।আটকের বিষয়টি নিশ্চিত করে দুদকের উপ-পরিচালক আহসানুল কবির পলাশ জানান, উপ-মহাপরিদর্শক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত